Hot Posts

6/recent/ticker-posts

আশ্রয়প্রার্থীদের উগান্ডায় পাঠাতে চায় নেদারল্যান্ডস

 নেদারল্যান্ডস তাদের প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় পাঠানোর পরিকল্পনা করছে।



১৬ অক্টোবর, নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য মন্ত্রী রাইনাটে ক্লেভার টেলিভিশন চ্যানেল এনওএস-কে দেয়া এক সাক্ষাৎকারে জানান, এই পরিকল্পনা মূলত আফ্রিকান আশ্রয়প্রার্থীদের জন্য। যেসব আফ্রিকান আশ্রয়প্রার্থীর আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং নেদারল্যান্ডসে থাকার বৈধতা হারিয়েছে, কিন্তু নিরাপত্তার কারণে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয়, তাদেরকেই উগান্ডায় পাঠানো হবে।


মন্ত্রী ক্লেভার বলেন, পরিকল্পনা অনুযায়ী, প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের জন্য উগান্ডা অভ্যর্থনা শিবিরে স্থান দেবে এবং আর্থিক ক্ষতিপূরণও প্রদান করা হবে। পিভিভি-এর সদস্য ক্লেভার আরও বলেন, “উগান্ডা একটি অতিথিপরায়ণ দেশ যার সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।”


অতি ডানপন্থি পার্টি ফর ফ্রিডম (পিভিভি) নেদারল্যান্ডসে অভিবাসন কঠোর করার পক্ষে এবং শরণার্থীর সংখ্যা সীমিত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্লামেন্টের অনুমোদন ছাড়াই আশ্রয় আইন কঠোর করতে জরুরি অবস্থা ঘোষণা করার প্রস্তাব করেছিল দলটি। তবে জোট সরকারের অন্য অংশীদার ও বিরোধী দলগুলো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।


পিভিভি নেতা গির্ট ওয়াইল্ডার্স মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ লিখেছেন, "কম আশ্রয়প্রার্থী, বড় নেদারল্যান্ডস।" যদিও জরুরি অবস্থার বিষয়ে আপত্তি রয়েছে, উগান্ডা নীতি নিয়ে জোট সরকারের অন্যান্য শরিকরাও ইতিবাচক অবস্থানে রয়েছে। বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ক্লেভারকে সমর্থন দিয়েছেন তারা।


সরকারের এই নতুন পরিকল্পনাকে বিরোধী দলগুলো ‘সস্তা প্রচার’ এবং ‘প্রতীকী রাজনীতি’ বলে সমালোচনা করেছে। ডেমোক্র্যাটস ৬৬ পার্টির নেতা রব ইয়েটেন এক্স-এ লিখেছেন, “ডেনমার্ক এবং যুক্তরাজ্য ইতিমধ্যেই এমন চেষ্টা করেছে। ফলাফল কী? কেউ আফ্রিকা যায়নি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ