‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪’ বিজয়ী হয়েছেন মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল। গত বুধবার (১৬ অক্টোবর) রাতে মুম্বাইয়ে আয়োজিত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে নিকিতার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী নন্দিনী গুপ্তা।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন দাদরার রেখা পান্ডে এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন গুজরাটের আয়ুষী ডোলাকিয়া। নিকিতা পোরওয়াল এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মঞ্চে। মিস ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজয়ী হওয়ার পর নিকিতা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এই অনুভূতি বর্ণনা করার মতো নয়। মুকুট পরার মুহূর্তে যে উত্তেজনা অনুভব করেছিলাম, তা এখনো কাটেনি। এটি এখনো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তবে আমার বাবা-মায়ের খুশি আমাকে সম্পূর্ণ করেছে। এই যাত্রা মাত্র শুরু, এখনো সেরা অর্জনগুলো আসেনি।”
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিকিতা পোরওয়ালের জন্ম মধ্যপ্রদেশের ঐতিহ্যবাহী শহর উজ্জয়িনীতে। বর্তমানে তিনি বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং পাশাপাশি নিজের পেশাগত জীবনেও সাফল্য অর্জন করছেন।
নিকিতা মাত্র ১৮ বছর বয়সে টিভি উপস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং বহু বছর ধরে অভিনয় জগতে কাজ করছেন। তিনি ‘মিস মধ্যপ্রদেশ’ খেতাব জিতেছেন এবং ৬০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। এছাড়া তিনি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবিতেও অভিনয় করেছেন, যা শীঘ্রই ভারতে মুক্তি পাবে।
নিকিতা নাট্যকার হিসেবেও কাজ করেছেন। তিনি ‘কৃষ্ণ লীলা’ নামে ২৫০ পৃষ্ঠার একটি নাটক রচনা করেছেন। মঞ্চের প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে এবং তিনি সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন।

0 মন্তব্যসমূহ