আগামী বছরের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করার প্রস্তাব উঠেছে। পাশাপাশি শারদীয় দুর্গাপূজার জন্য দুই দিনের ছুটি প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কিছু বছর নির্বাহী আদেশের মাধ্যমে ছুটি বৃদ্ধি করা হয়েছিল। একইভাবে, এ বছর দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো হয়েছিল।
সরকারি সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। প্রস্তাবে দুই ঈদের জন্য পাঁচ দিনের এবং দুর্গাপূজার জন্য দুই দিনের ছুটি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া, কালকের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানো নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষদের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছে সংশ্লিষ্ট পর্যালোচনা কমিটি। তবে অবসর গ্রহণের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করা হয়নি।

0 মন্তব্যসমূহ