ভারতের আপত্তিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এবার পাকিস্তান নিজের অবস্থানে অনড়। তারা যে কোনো মূল্যে নিজেদের মাটিতে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় এবং প্রয়োজন হলে বয়কটের হুমকি দিয়েছে।
ভারতের আপত্তির পরও আইসিসি বিকল্প ভেন্যু বিবেচনা করছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ‘স্পোর্টস তাক’। ২০২৫ সালের শুরুতেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল, তবে শুরু থেকেই ধারণা করা হচ্ছিল ভারত অংশগ্রহণে অনিচ্ছুক। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে, সরকারি অনুমতি না থাকায় তারা পাকিস্তানে খেলতে যাবে না।
এর পরপরই আইসিসি লাহোরে অনুষ্ঠেয় টুর্নামেন্টের সূচি ঘোষণার অনুষ্ঠান বাতিল করে। সাধারণত আইসিসি কোনো ইভেন্টের সূচি ১০০ দিন আগে প্রকাশ করে। কিন্তু এই পরিস্থিতিতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি যে, টুর্নামেন্টটি কোথায় আয়োজিত হবে।
আইসিসি পাকিস্তানকে একটি হাইব্রিড মডেলে (দুই দেশে) আয়োজনের প্রস্তাব দিয়েছে, যাতে ভারতীয় দল তাদের ম্যাচগুলো অন্য দেশে খেলতে পারে। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের নাম সবচেয়ে বেশি আলোচিত।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই প্রস্তাব মানতে রাজি নয়। তাদের দাবি, পুরো টুর্নামেন্টের আয়োজন পাকিস্তানের মাটিতে হবে।
‘স্পোর্টস তাক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, যদি পাকিস্তান শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে আয়োজন না করে এবং দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, গত এশিয়া কাপও হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল পাকিস্তানকে। ভারতীয় দল শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ খেলেছে, আর পাকিস্তানে হয়েছিল টুর্নামেন্টের অন্যান্য কিছু ম্যাচ।

0 মন্তব্যসমূহ