ছবি: সংগৃহীত
কানপুরে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট চলাকালীন বৃষ্টি বিঘ্নিত সেশনের সময় বাংলাদেশ দলের সমর্থক টাইগার রবি ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন। রবি বাংলাদেশের বিভিন্ন সিরিজ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগার বেশে গ্যালারিতে উপস্থিত থাকেন এবং তিনি "টাইগার রবি" নামে পরিচিত।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে মধ্যাহ্নভোজের বিরতির সময় গ্যালারির ভেতরে প্রবেশ করলে কিছু ভারতীয় সমর্থকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এতে রবি আহত হন এবং পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রবি জানান, পাজরের নিচের অংশে আঘাত পেয়েছেন।
রবি বলেন, ঘটনার আগে থেকেই ভারতীয় দর্শকদের একটি অংশ তাকে গালিগালাজ করছিল। লাঞ্চ বিরতির সময় নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের নাম উচ্চারণ করায় তাকে ধাক্কা দিতে শুরু করে এবং তার টাইগার মাসকট ও পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে। রবি বাধা দিলে তারা তাকে মারতে শুরু করে।


0 মন্তব্যসমূহ