তিন মাসের মধ্যে ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
শনিবার (৫ অক্টোবর) রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহফুজ বলেন, তিন মাস পর ছয়টি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি স্পষ্ট করে বলেন, সংস্কার কমিশনগুলো তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে। এরপর উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা করবে। সেই আলোচনা অনুযায়ী, রিফর্মের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ন্যূনতম ঐকমত্য গঠিত হবে, যা নির্বাচনের টাইমলাইন নির্ধারণে ভূমিকা রাখবে। নির্বাচনে কতটুকু সংস্কার প্রয়োজন, সেটাও দেখা হবে।
তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে এবং ছয়টি কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে পাঁচটি পূর্ণাঙ্গ করা হয়েছে। বাকিটা দুই-এক দিনের মধ্যে ঘোষণা করা হবে।
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন কমিশন গঠনের কাজ এগিয়ে যাবে। রিফর্মের বিষয়ে ঐকমত্য তৈরি হলে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, বিএনপির সঙ্গে সংলাপে শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মাহফুজ আলম বলেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গুম কমিশনেও অভিযোগ জমা পড়েছে, সেগুলো নিয়ে কাজ চলছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে, সরকারের এ বিষয়ে আন্তরিকতা রয়েছে।

0 মন্তব্যসমূহ