Hot Posts

6/recent/ticker-posts

পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, চলবে অভিযান

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা দিয়েছেন যে আগামী ১ নভেম্বর থেকে পলিথিনজাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ করা হবে এবং কোনো ক্রেতাকে এ ধরনের ব্যাগ দেওয়া যাবে না। একইসঙ্গে পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান পরিচালিত হবে।


মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ তথ্য সাংবাদিকদের জানান।


জানা যায়, নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগের উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধে সরকার কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় ১ অক্টোবর থেকে সুপারশপ এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হবে। এর পরিবর্তে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহৃত হবে।


এর আগে, গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের এক সভায় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিন ব্যাগ রাখা বা ক্রেতাদের সরবরাহ করা যাবে না। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহৃত হবে।


তিনি আরও জানান, ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হবে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।



পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ জানিয়েছেন, ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। 


তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা একসঙ্গে অভিযান পরিচালনার জন্য একটি টিম গঠন করবে।


পরিবেশ সচিব আরও বলেন, জনগণের সহযোগিতায় সরকার পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ করতে উদ্যোগ নেবে। ক্রেতা ও বিক্রেতাদের পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে হবে।


তিনি উল্লেখ করেন, গত ২২ বছর ধরে আইন অমান্য করে পলিথিন ব্যবহার করা হচ্ছে, যা ক্যানসার ও লিভার সিরোসিসসহ নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে। জনস্বাস্থ্যের সুরক্ষায় সবাইকে পলিথিন নিষিদ্ধের নিয়ম মেনে চলতে হবে।


শান্তিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন ফকিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ