রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ২৫২ জন প্রশিক্ষণরত উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। গত সোমবার স্থানীয় থানাগুলোতে ডেকে তাঁদের হাতে অব্যাহতির চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ১ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড মাঠে ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনার ব্যাচ–২০২৩-এর সমাপনী কুচকাওয়াজ অনুশীলন চলাকালীন প্রশিক্ষণার্থীদের নির্ধারিত মেনু অনুযায়ী সকালের নাশতা পরিবেশন করা হয়। তবে কিছু প্রশিক্ষণার্থী নাশতা গ্রহণ না করে হইচই করে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং একাডেমি কর্তৃপক্ষকে অবমাননা করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তাঁরা মাঠ থেকে বিনা অনুমতিতে বের হয়ে ব্যারাকে চলে যান, যা শৃঙ্খলার পরিপন্থী। এ ঘটনা প্রশিক্ষণের কার্যক্রমকে ব্যাহত করে এবং অন্যদের শৃঙ্খলাভঙ্গের উৎসাহ দেয়।
এর আগে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই ২৫২ জন ক্যাডেট এসআইকে শোকজ করা হয়েছিল। ৮ অক্টোবর পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছিল, তাঁদের আচরণ পুলিশ বাহিনীর শৃঙ্খলার পরিপন্থী এবং তাদের চাকরির উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছে।

0 মন্তব্যসমূহ