Hot Posts

6/recent/ticker-posts

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ঢাবিতে আনন্দ মিছিল

 


অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেন।


বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই খবর প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। এরপর তারা ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের সামনে এসে আনন্দ মিছিল করতে শুরু করেন।


এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল: “এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো; এই মুহূর্তে খবর এলো, সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো; হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাস লীগ গেলি কই; এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো।”


এর আগে বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিষয়টি জানানো হয়।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, "বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়, বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ হত্যাকাণ্ড, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সংক্রান্ত প্রামাণ্য তথ্য দেশের প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে।"


প্রজ্ঞাপনে আরো বলা হয়, "গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের ওপর উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অনেকের জীবন বিপন্ন করেছে।"


সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, "৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ডে এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত আছে।"



এই প্রেক্ষিতে সরকার 'সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯' এর ধারা ১৮-এর উপধারা (১) অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং ওই আইনের তফসিল-২-এ 'বাংলাদেশ ছাত্রলীগ' নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে।


এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



আরো খবর.......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ