একটি প্রতারক চক্র ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে হজযাত্রী, হাজী এবং হজ এজেন্সির মালিকদের সঙ্গে প্রতারণা শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।
রবিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয় থেকে একটি সতর্কতা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাকা ফেরতের কথা বলে যদি কেউ ব্যক্তিগত তথ্য চাইতে শুরু করে, তবে তা প্রদান করা থেকে বিরত থাকতে হবে।
জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে হাজী, হজ এজেন্সি এবং হজ গাইডদের রিফান্ড অর্থ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) বা চেকের মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হয়। এজন্য কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ বা নগদের তথ্য চাওয়া হয় না। গত ৯ অক্টোবর ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ জানিয়েছে।
এছাড়া, টাকা ফেরতের কথা বলে যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ বা নগদের তথ্য চাওয়া হয়, তবে তা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ধরনের ফোন পেলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ