দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে তার বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, ডেভেলপার কোম্পানি নিয়ে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার সকালে মহানগর আবাসিক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ত্রাসীদের একটি দল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
তামিমের পরিবারের সদস্যরা জানান, প্লিজেন্ট প্রোপার্টিজ নামে একটি কোম্পানির সঙ্গে তাদের জমিতে নির্মিত ভবনে ফ্ল্যাট পাওয়ার বিষয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২০ থেকে ২৫ জনের একটি দল তার বাসায় আসে। সেখানে তামিমের সঙ্গে বাকবিতণ্ডার পর তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তামিমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তামিমের বাবা, প্রকৌশলী সুলতান আহমেদ জানান, চুক্তি অনুযায়ী প্লিজেন্ট প্রোপার্টিজের পাঁচটি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এর মধ্যে দুটি ফ্ল্যাট হস্তান্তর করা হলেও, বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করা হয়। এই ঘটনাই তামিমের প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।
এ ঘটনায় নিহতের বাবা মামলা করেছেন এবং পুলিশ তিনজনকে আটক করেছে।

0 মন্তব্যসমূহ