শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার সরকার ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।
ছবি: সংগৃহীত (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, এই ছুটির সিদ্ধান্ত নির্বাহী আদেশের মাধ্যমে নেওয়া হয়েছে। ফলে এবার দুর্গাপূজার সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি থাকবে।
আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, এবং রোববার দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই বৃহস্পতি থেকে রোববার পর্যন্ত টানা ছুটি থাকবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, আজ মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে। তিনি আরও জানান, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে মাহফুজ আলম এসব কথা জানান। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গেও মতবিনিময় করা হয়।

0 মন্তব্যসমূহ