আগামী ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা ২৩ বা ২৪ অক্টোবরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ডানা’। বাংলাদেশের উপকূলে এটি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে আবহাওয়া সংস্থার সতর্কবার্তায় জানানো হয়েছে।
জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আঘাত হানতে পারে, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। সম্ভাব্য গতিপথ হিসেবে বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের ওড়িশা রাজ্য উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি ঘূর্ণিঝড়টি বরিশাল বা খুলনার উপকূলে আঘাত হানে, তাহলে এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। আর যদি এটি ভারতের ওড়িশায় আঘাত হানে, তাহলে গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার হতে পারে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের বরাতে এক ফেসবুক পোস্টে জানান, ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কম বা মাঝারি শক্তিসম্পন্ন হতে পারে এবং ২৪ বা ২৫ অক্টোবর উপকূলে আঘাত হানতে পারে। তবে সঠিক স্থান এবং সময় সম্পর্কে নিশ্চিত হতে ২০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, বর্তমানে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২৪ ঘণ্টা আগে আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড়ের আপডেট দেওয়া হয়। তবুও, একটি সম্ভাবনা রয়েছে যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

0 মন্তব্যসমূহ