কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের হাজার হাজার মানুষ সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। হঠাৎ এমন বিদ্যুৎ বিপর্যয়ে দ্বীপবাসীর মধ্যে চরম ভোগান্তি শুরু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পুরো সেন্টমার্টিন অন্ধকারে ডুবে গেছে।
বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড পরিচালিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার (২৬ অক্টোবর) থেকে স্কুব টেকনোলজি লিমিটেডের সোলার প্রজেক্টের টোকেন রিচার্জ সফটওয়্যারে সমস্যা সৃষ্টি হয়েছে, যার ফলে রিচার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামাররা সম্মিলিতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। সাময়িক এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে, বিদ্যুৎ না থাকায় দ্বীপের সাধারণ মানুষ ডিজেলচালিত জেনারেটরের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ দিয়ে নিজেদের কাজ চালিয়ে নিচ্ছেন।
সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, “আমরা যেন আইসিইউতে রয়েছি। সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই, সাগরে মাছ ধরা বন্ধ, পর্যটক আসাও নিষিদ্ধ। একমাত্র হাসপাতালের কার্যক্রমও বন্ধ। আমাদের রুটি-রুজির সব পথ বন্ধ হয়ে গেছে।”
আরেক বাসিন্দা, জসিম উদ্দিন শুভ বলেন, “সন্ধ্যা থেকে পুরো দ্বীপ অন্ধকারে। মোবাইলে চার্জ নেই, এভাবে চলতে থাকলে দ্বীপের সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যাবে। ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ করে বাঁচার চেষ্টা করছি।”
অন্য এক বাসিন্দা, আব্দুর রহমান বলেন, “আমরা দ্বীপের মানুষ খুব কষ্টে আছি। বিদ্যুৎ নেই, রোজগারের পথ নেই। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। দেশের মানুষের সহযোগিতা চাই আমাদের বাঁচাতে।”

0 মন্তব্যসমূহ